Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় নিহত নাজিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৯:২৫

প্রতীকী ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিম উদ্দিন লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোটো বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে শনিবার সকালে নাজিম উদ্দিন বিয়ের দাওয়াত দিতে চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত নাজিম উদ্দিনের বোন সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।’

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীরের একাধিক স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।’

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর