সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. নাছার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছার আলী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দাইকোনা বাজারে আয়োজিত একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথে চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় মহাসড়ক অতিক্রম করে অপর পাশে যাওয়ার চেষ্টা করছিলেন নাছার আলী। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার উদ্দেশে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।