Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজশাহী: আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে পদ্মাপাড়ের নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি, উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সফর সুষ্ঠু ও সফল করতে রাজনৈতিক নেতৃত্ব, বিভাগীয় ও জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে এক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ এস এম নূর মোকাররম নিরাপত্তার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন এবং নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

এ সভায় নিরাপত্তার স্বার্থে একাধিক কঠোর নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে বিমানবন্দরে বা সফরকালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিষিদ্ধকরণ, পরিচয়পত্র ছাড়া প্রবেশে কড়াকড়ি, সংশ্লিষ্ট সবার নাম ও পরিচয়পত্রের তালিকা আগেই জমা দেওয়া, যাতায়াতে বাধা না দেওয়া এবং অনুমতি ছাড়া ড্রোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখা। একই সঙ্গে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য, রাসিক প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি একই দিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীতে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে অবস্থান ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল ৩টায় ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠ) আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং পাট ও আখ চাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ করবেন। পরবর্তীতে বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রস্থান করবেন।

এদিকে জনসভার মূল ভেন্যু মাদরাসা মাঠ পরিদর্শনে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সেখানে মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সীমানা প্রাচীর রংকরণ, সংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের কাজ তদারকির পাশাপাশি পুরো নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে এই সফরকে সফল করতে নানকিং দরবার হলরুমে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকার এবং সংগঠনের পক্ষ থেকে সমন্বিত সহায়তার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর