চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালক চান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্তপাড়ার মরহুম জোনাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চান্দ আলী আর ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় থেকে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।
স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে পালিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। ভ্যান ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতকদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।