Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে দেশকে গড়ে তুলবো ইনশাল্লাহ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৩:০৮

পাগলাপীরে পথসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

রংপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবাই এই দেশের সমান অধিকারী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ যেমন একসঙ্গে দেশকে মুক্ত করেছিল, তেমনি আজও সবাই মিলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষ্যে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করতে যাওয়ার পথে পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, ‘আমরা গরিব দুঃখী, খেটে খাওয়া প্রতিটি শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সব ধর্মের বর্ণের মানুষ মিলে দেশকে যেমন স্বাধীন করেছে, তেমনি আমরা সব ধর্মের বর্ণের মানুষ মিলে দেশকে গড়ে তুলবো।’

বিজ্ঞাপন

এসময় তিনি উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেন, আপনারা সবাই আসুন, সবাই মিলে দেশকে গড়ে তুলি। এসময় সবাই হাত তুলে প্রধানমন্ত্রীর স্বাগত জানান।

তিনি বলেন, ‘আজকে একটা উৎসবের দিন। এই উৎসবের দিনে আমাদের একটায় প্রত্যাশা আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলবো ইনশাল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১২ তারিখের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার দিন থেকে আমরা এই দেশের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তিনি জানান, সরকার কৃষকদের কৃষি ঋণ মাফ করেছে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের উৎসব, শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করছে। আমরা সব ধর্মের মানুষের সঙ্গে মিলে এই দেশ গড়তে চাই, ঠিক যেমনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে স্বাধীনতা অর্জন করেছিলাম।’ এসময়, তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা আমার সঙ্গে আছেন কি?’ এবং সবাই মিলে কঠোর পরিশ্রম করে কল্পনার বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করার আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থক ভিড় জমান। পাগলাপীরে পথসভা শেষে তিনি দুপুর ১২টা ৩ মিনিটে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপের সামনে পৌঁছান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রংপুর নগরীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমিয়েছেন। নগরীর ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হয়েছে, সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো হয়েছে এবং নগরজুড়ে শুভেচ্ছা ব্যানার শোভা পাচ্ছে। নিরাপত্তার জন্য চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্দির এলাকায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর