হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চণ্ডীপুরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি এসব মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মন্ত্রী বলেন, কোনো ধর্মই অন্যায় ও অবিচারকে সমর্থন করে না। অপরাধী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। দেশের আইন নিজস্ব গতিতে চলবে এবং সবার অধিকার সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আগামীতে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। অসুস্থ ও সংকটাপন্ন মানুষের চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেও সরকার আন্তরিক।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।