Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ২৩:১৪

নওগাঁ: জেলায় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি পাচারকালে মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে, সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ মোস্তফা আলী-কে আটক করে বিজিবি।

আটক মোস্তফা আলী সদর উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামানিকের ছেলে।

বিজ্ঞাপন

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন তার কাছে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

তিনি আরও জানান, আসামিসহ শিবলিঙ্গটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএম