সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ রোটারিয়ান মো. আব্দুস সাত্তার।
নাট্যচক্রের সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে জেলা শহরে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নাট্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
এ সময় সিরাজগঞ্জের নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সমসাময়িক সামাজিক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে ব্যঙ্গাত্মক নাটক ‘চোর সমাচার’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।
২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র দীর্ঘদিন ধরে মঞ্চনাটক, পথনাটক ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে আসছে।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য এবং নাট্যচক্রের নাটক ‘কানামাছি খেলা’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।