রাজশাহী: চলচ্চিত্রের পর্দায় সংগ্রাম আর বেদনার গল্প বলা সেই কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের স্মরণে রাজশাহীতে ১০১টি মোমবাতি জ্বালিয়ে তার জন্মবর্ষ উদ্যাপন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অবস্থিত ঋত্বিক ঘটকের বসতভিটায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
একই সঙ্গে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে তার স্মৃতি ও বসতভিটা সংরক্ষণের দাবি।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ১০১টি মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় এই কিংবদন্তি চলচ্চিত্রকারকে। আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে ঋত্বিক ঘটকের জীবন, কর্ম ও চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান বলেন, ‘ঋত্বিক ঘটক শুধু একজন চলচ্চিত্রকার নন, তিনি ইতিহাসের অংশ। তার স্মৃতি ও কাজ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এ আয়োজন।’
কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ বলেন, ‘ঋত্বিক ঘটক শুধু বাংলাদেশের নন, বিশ্বজুড়েই পরিচিত একজন চলচ্চিত্রকার। তার স্মৃতি ধরে রাখতে বসতভিটাটি সংরক্ষণ করা জরুরি। এখানে ঋত্বিক কুমার ঘটক কমপ্লেক্স গড়ে তোলা হলে মানুষ তার জীবন ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার বলেন, ‘ঋত্বিক ঘটক আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তার স্মৃতিচারণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তার জীবন ও কর্ম তুলে ধরতে হবে। তার বসতভিটা সংরক্ষিত থাকলে মানুষ সেখানে এসে এই মহান চলচ্চিত্রকার সম্পর্কে জানতে পারবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক এস এম ফারুখ হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুজ্জামান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, রাজশাহী জেলা কালচারাল অফিসার ড. মো. ফারুকুর রহমান ফয়সল, চলচ্চিত্র নির্মাতা মুনতাসির আকিবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ হোসেন।