Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ১৪ হাত উচ্চতার প্রতিমায় শ্যামাপূজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৯:৫৪

১৪ হাত উচ্চতার দেবী শ্যামা।

রাজবাড়ী: রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ হাত উচ্চতার প্রতিমায় শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল রাজারবাড়ী (কালীবাড়ি) এলাকায় দয়াময়ী ও শীতলা মন্দির সংলগ্ন স্থানে এ পূজার আয়োজন করা হয়।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

এদিকে, জেলার কালুখালী উপজেলার খাগজানায় ১৪ হাত উচ্চতার জোড়া প্রতিমায় শ্যামাপূজা এবং বালিয়াকান্দি উপজেলার বেতাজ্ঞাতেও ১৪ হাত উচ্চতার প্রতিমায় শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। এছাড়া, রাজবাড়ী শহরের বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা শ্যামা বা মা কালী অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের প্রতীক। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তদের জীবনে কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় দেবীর পূজা করা হয়। শ্যামাপূজার পাশাপাশি দীপাবলি উপলক্ষ্যে ঘরে ঘরে ও মন্দিরে প্রদীপ প্রজ্বালন করা হয়। মৃত স্বজনদের আত্মার মঙ্গল কামনায় অনেকে প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন।

লক্ষ্মীকোল রাজারবাড়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো মন্দির এলাকা। বসেছে মেলা, রয়েছে বিভিন্ন পণ্যের দোকান। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সি মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে এক মিলনমেলায়।

পূজা দেখতে আসা সুদীপ্ত বলেন, ‘দীপাবলি আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি। অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে এ উৎসব উদযাপন করা হয়। শহরের মধ্যে ১৪ হাত উচ্চতার প্রতিমা দিয়ে শ্যামাপূজা হয় না। তাই প্রতিবছরই এখানে পূজা দেখতে আসি।’

মন্দির কমিটির সদস্য তাপস বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমাদের মন্দিরে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। শহরের আশপাশে এত বড় প্রতিমায় পূজার আয়োজন না হওয়ায়, প্রতিমা দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। পূজাকে ঘিরে সবাই আনন্দ উপভোগ করছেন। এ উপলক্ষ্যে মেলাও বসেছে।’

শ্যামাপূজা উপকমিটির সভাপতি উত্তম দত্ত বলেন, ‘প্রতিবারের মতো এবারও ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের জন্য আলাদা পথের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। পূজাকে কেন্দ্র করে চারপাশে মেলা বসেছে, যেখানে বিভিন্ন দোকানপাট রয়েছে।’

পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে ভক্তদের পদচারণা, প্রদীপের আলো ও বর্ণিল সাজসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

বিজ্ঞাপন

ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

কপ ৩১: অঙ্গীকার বাস্তবায়ন হউক
৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর