সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুজ্জোহা শাহানশাহ।
তিনি জানান, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই চালককে হত্যা করে আসামিরা। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দীঘলকান্দি গ্রামের মনির হোসেন, আনসার আলী ও আব্দুল বাসেদ।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আসাদুলের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকার আব্দুর রহমানের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর রাতে আর মালিকের কাছে ফেরেননি তিনি। পরদিন ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে অটোরিকশার মালিক মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার শ্রী সুকুমার চন্দ্র দাস বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।