Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে মামাতো ভাইয়ের হাতে বিএনপি নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৮:৪০

হত্যার শিকার হওয়া শেখ আবু তালেব।

যশোর: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের মুনসেফপুরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক নেতা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মুনসেফপুর পশ্চিমপাড়া বড়ো মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, বাড়ি নির্মাণের কাজের জন্য দোকান থেকে পলিথিন কিনে বাড়ি ফিরছিলেন তার বাবা। পশ্চিমপাড়া মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান দা দিয়ে তার বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শেখ আবু তালেবকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাধবী রাণী জানান, শেখ আবু তালেবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বজনেরা জানান, শফিয়ার রহমান কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা তারা বুঝতে পারছেন না। তবে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করা হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে শফিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর