কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে বসতঘরে ডাকাতির ঘটনায় দায়ের করা প্রায় ১৯ বছর পুরোনো একটি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আট আসামির মধ্যে একজনকে ১০ বছর এবং অন্য সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য সাতজন হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের প্রকাশ মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। অন্য আসামি কামাল হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। এ সময় খালাসপ্রাপ্ত আসামি কামাল হোসেনও আদালতের কাঠগড়ায় ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড় এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে হানা দেয় একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব পান সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনি একাধিক আসামিকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে, ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রম শুরু হলে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
দীর্ঘ ১৯ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের ওই ডাকাতির মামলাটির নিষ্পত্তি হলো।