বাগেরহাট: জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণের পরিবর্তে অনুদান প্রদান এবং বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি বন্ধের জোরালো দাবি জানানো হয়েছে। মোংলায় বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কপ-৩১) কেন্দ্র করে আয়োজিত এক বিশাল সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, জলবায়ু সংকটে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও আজ ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। তাই এ সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধরা’র নেত্রী কমলা সরকার, জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক অসীমা মণ্ডল ও বৃষ্টি সরকারসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত বিশ্বকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা, অভিযোজন এবং সংকট সমাধানে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সকল জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।’
ধরা’র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার দাবি জানান তিনি।
ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর কর্পোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধের আহ্বান জানান। তিনি স্থানীয় বীজ, ঐতিহ্যগত জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।