কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আওতাধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে আটক করে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক করা চোরাচালানের মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।