চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ)।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেররশিয়া গ্রামের মো. আলতাফ হোসেন ও মোসা. সোহাগী বেগমের ছেলে।
এসআরবি-৫, রাজশাহী (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ)-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারস্থ যাত্রী ছাউনিতে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান-কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো স্মার্ট মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।