Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে কলেজছাত্রী নিখোঁজের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

নিখোঁজ কলেজছাত্রী।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী মিথিলা নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। নিখোঁজের ঘটনায় বন্দর থানায় জিডি করার পর পুলিশ মিথিলার সন্ধানে কাজ শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘শিক্ষার্থী মিথিলা নিখোঁজের জিডি হওয়ার পর থেকেই পুলিশ মাঠে নেমেছে। মুক্তিপণের দাবির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।’

পরিবারের অভিযোগ, কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের কাছে ফোন ও অনলাইনের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। ৫ লাখ টাকা দাবি করা হলেও কোথায় গিয়ে টাকা দিতে হবে, তা জানানো হয়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করার পর অপরিচিত নম্বর থেকে ফোন করে জিডি তুলে নিতে হুমকিও দেওয়া হয়। মুক্তিপণ না দিলে মেয়ের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগীর ভাই হৃদয় বলেন, ‘মিথিলা নিখোঁজ হওয়ার পর বন্দর থানায় একটি জিডি করা হয়। জিডি করার পর আমার মোবাইলফোনে ব্রিলিয়ান্ট অ্যাপস নামে একটি ভিওআইপি নম্বর থেকে কল আসে। ওই কল থেকে জিডি তুলে নিতে বলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি আমি নিখোঁজ জিডির তদন্ত কর্মকর্তাকে জানিয়েছি।’

তদন্ত কর্মকর্তা খায়রুল বাশার সাজিদ বলেন, ‘সম্ভাব্য সব ক্লু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে ভুক্তভোগীকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের কাছে অপহরণকারীদের পক্ষ থেকে করা কলটির ফরেনসিক বিশ্লেষণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মিথিলাকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের চেষ্টা চালাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর