Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পূজামণ্ডপে অঘটন ঘটলে এলাকার চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মামলা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৩:০৬

বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

চট্টগ্রাম: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘কোনো পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘কেউ যেন কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদীয় এলাকার পাইন্দং সূর্যগিরি কেন্দ্রীয় আশ্রম, ভুজপুরের খৈয়া চা-বাগান, আসিয়া চা-বাগানসহ একাধিক পূজামণ্ডপ পূর্বপরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবে পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

বিজ্ঞাপন

সরোয়ার আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।’ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, শ্রী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, বরুণ কুমার আচার্য্য বলাই, লায়ন পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য্য, অর্চ্চনা রাণী আচার্য্যসহ অন্যান্যরা।

পরে সংসদ সদস্য সরোয়ার আলমগীর পঞ্চবটি চা-বাগানে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পূজারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে লুট হওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর