Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নের শক্তি: ইসমাইল জবিউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ২১:৪৫

চট্টগ্রাম: তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২৬ জন শিক্ষার্থীকে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মেধা শুধু তাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটি বাংলাদেশের সম্পদ। শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের উদ্যোগে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা ও সময়ানুবর্তিতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নেতৃত্বে কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। নেতার আচরণ ও কর্মপদ্ধতি অন্যদের অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের উদ্দেশে
তিনি বলেন, নিজেদের দক্ষ পেশাজীবী, সৎ উদ্যোক্তা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কর প্রদান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতাও তৈরি করতে হবে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর