চট্টগ্রাম: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয় । পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘ সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং আমার ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্যে মেতে উঠেছে । ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্য সৃষ্টি করে এ ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদ যেভাবে পালিয়েছিল, যারা এদেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাদেরকেও একইভাবে হাসিনার পথ অনুসরণ করতে হবে।’
সরোয়ার আলমগীর বলেন, ‘শান্তিপ্রিয় বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা সফল হবে না। দেশের মানুষ সজাগ রয়েছে।’
প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের গুপ্তচর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে পুলিশলীগ, আওয়ামী লীগ, প্রশাসনলীগ—কোনো লীগই শেখ হাসিনা তথা হাসিনার সন্ত্রাসীদের বাঁচাতে পারেনি। এখন বাংলাদেশের জনগণ আবার জেগে উঠে ৫ আগস্টের মতো এই সন্ত্রাসীদের দেশছাড়া করবে। সেজন্য আজ জাতীয় ঐক্য দরকার। আপামর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসতে হবে, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহ্ত রাখার জন্য।’
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।