Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টিতে ঢাকার বায়ু মানে উন্নতি, দূষণের তালিকায় ৪৭তম

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১০:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: বেশ কয়েকদিন ধরে বিশ্বের দূষিত শহরের শীর্ষ তালিকায় অবস্থান করলেও বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ু মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৯ মিনিটে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৬৬। এ অবস্থান অনুযায়ী, ঢাকা এখন বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৭তম।

একিউআই স্কোর ৬৬ ‘মাঝারি’ মানের মধ্যে পড়ে, যা সাধারণ জনগণের জন্য মোটামুটি সহনীয় হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ১৬৬ স্কোর নিয়ে শীর্ষ দূষিত শহর হিসেবে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (স্কোর ১৫৪), তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪৭), চতুর্থ ফিলিপাইনের ম্যানিলা (১৪৫) এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৪৪)।

বিজ্ঞাপন

বায়ু মানের সূচকে ০-৫০ স্কোরকে ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’, ১০১-১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষণ হলে বায়ুতে ভাসমান ধুলিকণা ও অন্যান্য দূষণ উপাদান ধুয়ে যায়, ফলে বায়ু মানে সাময়িক উন্নতি ঘটে। তবে স্থায়ী সমাধানের জন্য নগরায়ন, যানবাহন ও শিল্প দূষণের ওপর কার্যকর নিয়ন্ত্রণ জরুরি বলে মত দিয়েছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/এমপি