বাগেরহাট: জেলার মোংলা উপজেলার জয়মনিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং সুন্দরবনের ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে বিনামূল্যে উন্নত চুলা (আই. সি. এস) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টার এ চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এই উন্নত চুলা অনেক সাশ্রয়ী। এই চুলা ব্যবহার করলে আপনাদের খরচ অনেক কমে আসবে। পাশাপাশি সুন্দরবনের ওপর থেকে জ্বালানি সরবরাহের চাপও কমবে। সুন্দরবন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে কেউ রান্না করবেন না। গাছ কাটলে সুন্দরবনের সরাসরি অনেক ক্ষতি হয়ে যায়। এই চুলা ব্যবহার করলে জ্বালানি ৫০ ভাগ সাশ্রয়ী হবে। আপনাদের স্বাস্থ্যঝুঁকি কমবে। পরিবেশের ভারসাম্যও ঠিক থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিতি ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার ও ওয়াইল্ড টিম প্রতিনিধি আবু জাফর।
উল্লেখ্য, ওয়াইল্ডটিম চলতি বছরে ২০০টি এবং আগামী পাঁচ বছরে ১০০০টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা করেছে।