Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

রাবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘সিন্ডিকেট না, রাকসু রাকসু রাকসু’; ‘রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না’; ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘১ দফা ১ দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’ ইতাদি স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এসময় নবাব আবদুল লতিফ হলের জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহিদ বলেন, ‘আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল নিজেদেরকে ছাত্র পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রভাবে এসে রাকসুর অগ্রযাত্রাকে পিছিয়ে দিয়েছে। তাই আমরা সবাইকে আহ্বান জানাই—একত্রিত হোন। ইনশাআল্লাহ, আমরা ১৫ তারিখেই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভোট দেব।’

একটি মাত্র দলের দালালি করতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘সব শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে কমিশন। আমরা এটি প্রত্যাখ্যান করছি। আমি মনে করি, এই নির্বাচন কমিশনকে দিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী অনুষ্ঠান। এটা তাদের আবেগ অনুভূতির একটি জায়গা। পরিবারের সঙ্গে উৎসব পালন করার দিন। কিন্তু তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। রাবির প্রায় ৩ হাজারের মতো সনাতন ধর্মাবলম্বী রয়েছে, তাদেরকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব না।’

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান ডিজিটালাইজেশন এর যুগে তাদের হল অ্যাটাচমেন্ট ও ভোটার তালিকায় সংযুক্ত করা এক সপ্তাহের মধ্যেই করা সম্ভব। আমরা মনে করি, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র, ছবিসহ ভোটার তালিকা প্রদান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত সব দাবি মেনে নিয়ে ১৫ তারিখেই নির্বাচন দেওয়া সম্ভব।’

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম রাকসু নির্বাচনের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর