Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবি’র রেজিস্ট্রারকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ সই করা এক অফিস আদেশে উল্লেখ করা হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একইসঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হলো।

বিজ্ঞাপন

এর আগে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল, বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা এবং ২৪ সেপ্টেম্বরের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ।

যদিও পরে ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে তাদের আন্দোলন আংশিকভাবে পূরণ হলো।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, ‘রেজিস্ট্রারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ কারণে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর