Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৫:৪৮

সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধের চিত্র। ছবি: সারাবাংলা

ঢাকা: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলনের পদত্যাগ এবং পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ
দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের সেখানে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা ভিসি চত্বরের সামনে অবস্থান নেয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তাদের একাংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য অংশ টিএসসির দিকে চলে গেলে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দু’টি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যে ছয়টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে। এক শিক্ষার্থীর ভাষ্য, ‘এখন আমি যদি ফেল করি, এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন? তিনি তো নেবেন না।’

ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ‘বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তাতে পড়ে গেছে। অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। এসবের দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’

সড়ক অবরোধের ফলে তৈরি হওয়া একটি যানজটের চিত্র। ছবি: সারাবাংলা

এদিকে, যানজট বিষয়ে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রব্বানী হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। তবে কিছুক্ষণ পর তারা সড়ক ছেড়ে দিয়েছে। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

বগুড়ায় বিক্ষোভ-সমাবেশ
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বেলা ১২টার দিকে তারা শহরের সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকে যায় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা দেড়টায় অবরোধ চলছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে যেখানে একটি বিভাগের পরীক্ষা নেওয়া বদ্ধ রয়েছে, সেখানে অন্য বিভাগে পরীক্ষা চলে কেমন করে? শিক্ষার্থীরা হাঁটু পানি, কোমর সমান পানি মাড়িয়ে হলে গিয়েছে। এভাবে তারা পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি। তাদের ভাষ্য, ‘শিক্ষামন্ত্রী নিজের ইগোর বশে এই কাজ করেছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর