Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসির ফল প্রকাশ / নম্বর কম দেওয়ায় রাজশাহীতে কেন্দ্র সচিবকে ৫ ঘণ্টা অবরুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ২০:২৪

রাজশাহী: এসএসসি পরীক্ষায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ে কম নম্বর দেওয়ায় রাজশাহীতে কেন্দ্র সচিবকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখার ঘটনা ঘটিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফরকে অবরুদ্ধ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে গিয়ে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে কম নম্বর পাওয়ার বিষয়টি জানতে পারেন। ৫০ নম্বরের এই বিষয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে ২৫ নম্বর করে দেওয়া হয়েছে দেখে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অভিভাবকরাও সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা কেন্দ্র সচিবকে তার দফতরে অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কোনো পরীক্ষার্থীরই এই বিষয়ে ২৫ নম্বর পাওয়ার কথা নয়। ভুলের কারণে তাদের ফলাফলে প্রভাব পড়েছে। দ্রুত ফল সংশোধন না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরে বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র সচিব শিক্ষা বোর্ড ভবনে যান।

এ সময় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে পরীক্ষার্থীদের ফলাফল সংশোধন করে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পূর্ণ ৫০ নম্বর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বোর্ডের আশ্বাসের পর শিক্ষার্থী ও অভিভাবকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

কেন্দ্র সচিব আইরিন জাফর বলেন, লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার ৪৫২ জন পরীক্ষার্থী ছিল। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সাধারণত প্রত্যেক পরীক্ষার্থীকে ৫০ নম্বর দেওয়া হয়। কিন্তু ভুলবশত প্রথমে প্রত্যেকের নম্বর ২৫ করে দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর ফল সংশোধন করে পূর্ণ নম্বর দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়। তবে চূড়ান্ত ফল প্রকাশের সময় সেই সংশোধন কার্যকর হয়নি।

তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃত কোনো ভুল নয়। সংশোধনের জন্য শিক্ষা বোর্ডকে আগেই জানানো হয়েছিল। কিন্তু চূড়ান্ত রেজাল্টে সংশোধনের বিষয়টি আসেনি। এখন পরীক্ষার্থীদের ফলাফল সংশোধন করা হবে। যদিও এই রেজাল্টের কারণে তাদের জিপিএ কোন হেরফের হবে না।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব আরিয়ান জাফরকে শোকজ করা হয়েছে। আর যেহেতু বুয়েট কর্তৃপক্ষ রেজাল্টের সফটওয়্যার নিয়ন্ত্রণ করে তাই তাদের সঙ্গে যোগাযোগ করে ওই কেন্দ্রের সকল শিক্ষার্থীকেই পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর