চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনির পুরোনো একটি মিমিক্রি ভিডিওকে কেন্দ্র করে ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ভিডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
লিখিত বক্তব্যে আলাউদ্দিন মহসিন অভিযোগ করেন, ২০২০ সালে প্রকাশিত একটি টিকটক ভিডিওতে ইব্রাহীম হোসেন রনি বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে পবিত্র কোরআনের আয়াত ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নিয়েও উপহাস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রশিবিরের ভূমিকা, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে হল দখল, ক্যাম্পাস অবরুদ্ধ রাখা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাউদ সালমানের ওপর মব সৃষ্টির অভিযোগও তোলেন আলাউদ্দিন মহসিন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকলেও ধর্মীয় বিশ্বাস ও মানুষের সম্মান নিয়ে উপহাসের সুযোগ থাকা উচিত নয়।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষভাবে অভিযোগগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ইব্রাহীম রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন ও ফল প্রকাশ, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে ব্যাখ্যা প্রদান, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ করে স্বচ্ছ ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করা, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিভিন্ন পেজের অ্যাডমিন শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।
তবে অভিযোগের বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘ভিডিওটি একটি অনুষ্ঠানের অভিনয় পর্বের অংশ। সেখানে হানিফ সংকেত, বেগম খালেদা জিয়া, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীর কথা বলার ধরণ অনুসরণ করে মিমিক্রি করা হয়েছিল। এটি ছিল বিনোদনমূলক পরিবেশনা, কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের উদ্দেশ্যে নয়।’
তিনি আরও দাবি করেন, ‘পুরো ভিডিও থেকে শুধু বেগম খালেদা জিয়ার অংশ কেটে নিয়ে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে ছাত্রদল।’
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।