Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

২৭ বছর পর ফিরছে ‘তাল’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ মে ২০২৬ ১৫:১৬

বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘তাল’-এর সিক্যুয়েল নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সুভাষ ঘাই পরিচালিত এই মিউজিক্যাল ড্রামাটি তার গল্প, চরিত্র এবং এ.আর. রহমানের অনবদ্য সঙ্গীতের জন্য এখনো দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। দীর্ঘ ২৭ বছর পর নির্মাতা নিজেই ছবিটির সিক্যুয়েল তৈরির ইঙ্গিত দিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানান, ‘তাল ২’-এর চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা। নির্মাতা জানান, এই ধরনের সিনেমা নির্মাণের ক্ষেত্রে বিশুদ্ধতা বজায় রাখা এবং নিখুঁত কাস্টিং নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

প্রথম সিনেমার সাফল্যের কথা স্মরণ করে সুভাষ ঘাই বলেন, সেই সময় অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া রাই নতুন মুখ হিসেবে পর্দায় যে সতেজতা নিয়ে এসেছিলেন, তা ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। অনিল কাপুরকেও দেখা গিয়েছিল তারকাদ্যুতিতে। নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে নির্মাতা নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রশ্ন রেখেছেন, বর্তমানের জেন জি এবং আলফা প্রজন্ম ‘তাল’ এর এই গল্পকে কতটা গ্রহণ করবে।

যদিও সুভাষ ঘাই সিক্যুয়েলটি নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি, তবে তার মন্তব্য ঘিরে বলিউডে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দর্শক এখন প্রতীক্ষায় আছে, দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও বড় পর্দায় সেই ‘তাল’ এর মিউজিক্যাল জাদু ফিরে আসে কি না।

সারাবাংলা/এফএন/এএসজি