Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৫০০ পাউরুটির পোশাকে আফ্রিকান তারকা কুইন মার্সি আতাং

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ মে ২০২৬ ১৮:১০

নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত হলো আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (AMVCA)-এর ১২তম আসর। আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল কনটেন্টের অন্যতম বৃহৎ এই আয়োজনে প্রতি বছরের মতো এবারও তারকারা হাজির হয়েছিলেন চোখ ধাঁধানো সব পোশাকে। তবে সব আয়োজনকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় রিয়ালিটি শো তারকা কুইন মার্সি আতাং। ৫ শতাধিক পাউরুটি দিয়ে তৈরি একটি বিশেষ পোশাক পরে অনুষ্ঠানে হাজির হয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

লাগোসের একো হোটেল অ্যান্ড স্যুইটসে আয়োজিত এই অনুষ্ঠানের লালগালিচায় যখন তারকারা ঝলমলে গাউন আর নাটকীয় ডিজাইনের পোশাকে ব্যস্ত, ঠিক তখনই আতাং হাজির হন তার বিশাল ও অদ্ভুত এই পোশাক নিয়ে। পোশাকটি এতোই ভারী এবং বড় আকৃতির ছিল যে, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেও বেশ বেগ পাচ্ছিলেন। পোশাকটি ধরে রাখতে তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন এবং আরও দুইজন সহকারীকে দেখা গেছে ট্রেতে করে পাউরুটি বহন করতে।

বিজ্ঞাপন

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আতাং জানান, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। মূলত নিজের রুটি বানানোর ব্যবসার প্রচারের লক্ষ্যেই তিনি এই ভিন্নধর্মী পোশাকটি বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘আমার ব্যবসার প্রচারের জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কী হতে পারে?’ পোশাকটি ডিজাইন করেছেন নাইজেরিয়ার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার টইন লাওয়ান। সামাজিক মাধ্যমে এই ডিজাইন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লাওয়ান বলেন, এটি আসলে একটি নতুন ট্রেন্ডের সূচনা, যেখানে নিজের ব্যবসাকে নিজের পোশাকের মাধ্যমেই সবার সামনে তুলে ধরা হয়েছে।

তবে আতাং-এর এই পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার এই সাহসী ও সৃজনশীল প্রচারণার প্রশংসা করে একে ‘ব্যবসা পরিচিত করার অভিনব উপায়’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, বিপুল পরিমাণ পাউরুটি ব্যবহার করায় অনেকে একে খাদ্যের অপচয় বলে সমালোচনা করেছেন। অবশ্য সমালোচকদের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন আতাং।

সারাবাংলা/এফএন/এএসজি