Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাজিফা তুষি এবার ‘সখী রঙ্গমালা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ মে ২০২৫ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাওয়া’ দিয়ে দর্শক মন জয় করলেও, এরপর দীর্ঘ সময় পর্দার আড়ালে ছিলেন নাজিফা তুষি। মাঝে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নিয়ে কিছু আলোচনা হলেও, সেটির আর কোনও অগ্রগতি দেখা যায়নি।

তবে এবার নিজেই জানালেন নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের খবর। ছবির নাম ‘সখী রঙ্গমালা’— যেখানে শিরোনামের চরিত্র রঙ্গমালা-তে দেখা যাবে তুষিকে।

শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় উঠে আসবে অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।

গণমাধ্যমকে তুষি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি সিনেমাটির শুটিং করছেন এবং ইতোমধ্যে এক দফার কাজ শেষ করেছেন। শিগগিরই শুরু হবে পরবর্তী লটের শুটিং।

বিজ্ঞাপন

তুষির ভাষায়, ‘স্পিরিচুয়াল ধরনের একটি গল্প। মনে হয়েছে কাজটা আমার করা উচিত। ঐতিহাসিক প্রেক্ষাপটে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত। গল্পটি নোয়াখালীর, আর আমিও নোয়াখালীর মেয়ে— তাই এতে আলাদা এক আত্মিক টান কাজ করছে।’

২০২৩-২৪ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রে তুষির পাশাপাশি ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও রয়েছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপুসহ অনেকে।

পরিচালক জানান, সব কিছু ঠিক থাকলে এ বছরের নভেম্বর বা ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সখী রঙ্গমালা’।

উল্লেখ্য নাজিফা তুষির অভিষেক ঘটে ২০১৬ সালের ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘হাওয়া’ (২০২২) দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো