Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রিয় প্রজাপতি’— ঈদে জাকারিয়া সৌখিনের নতুন চমক

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৪ জুন ২০২৫ ১৪:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ মানেই আবেগ, আনন্দ আর গল্পে গল্পে হারিয়ে যাওয়ার সময়। এই ঈদুল আজহায় সেই আবেগকে আরও রঙিন করে তুলতে আসছে নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’—একটি মিষ্টি প্রেমের গল্প, যেখানে ভালোবাসা উড়ে বেড়ায় প্রজাপতির মতো।

নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তরুণ প্রজন্মের প্রশংসিত মুখ তাসনিয়া ফারিণ। তারা দুজন এখানে ‘মুগ্ধ’ ও ‘প্রজাপতি’ চরিত্রে অভিনয় করেছেন, যেখানে এক অফিসের অলস যুবক আর এক কঠোর সহকর্মীর প্রতিদিনকার খুনসুটিতে গড়ে ওঠে এক অদ্ভুত রসায়ন।

জাকারিয়া সৌখিন বলেন, ‘প্রিয় প্রজাপতি একটি ফিল-গুড কনটেন্ট, এটি দর্শককে হাসাবে, ভাবাবে, আবার কিছুটা প্রেমে ফেলবে।’ নাটকটি লেখকের মতে, ‘রোমান্টিক-কমেডির আদর্শ উদাহরণ’, যেখানে প্রতিটি দৃশ্যই সাজানো হয়েছে বাস্তবতা ও রূপকথার মাঝামাঝি এক জগতে।

বিজ্ঞাপন

নাটকের কাহিনি অনুপ্রাণিত সাদাত হোসাইনের লেখা ‘বিলবোর্ড’ গল্প থেকে। গল্পটি যেমন হৃদয়ছোঁয়া, তেমনি চরিত্রগুলোও প্রাণবন্ত। প্রতিটি সংলাপে, দৃশ্যে ফুটে উঠেছে একজন মুগ্ধের কৌতুকপ্রবণতা আর একজন প্রজাপতির কড়া শাসন—যা শেষমেশ পরিণত হয় এক কোমল অনুভবে।

নাটকের আবহে আলাদা মাত্রা যোগ করেছে একটি মৌলিক গান—
‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোঁপায়?’

সোমেশ্বর অলির কথায়, জাহিদ নীরবের সুরে এবং আতিয়া আনিসার সঙ্গে তার কণ্ঠে গানটি যেন নাটকের এক অনন্য আত্মা। যারা মিউজিক ভালোবাসেন, তাদের জন্য এ গানটি হতে পারে ঈদের প্লে-লিস্টে নতুন সংযোজন।

আরও একটি উল্লেখযোগ্য দিক হলো—এই নাটকের মাধ্যমে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব প্ল্যাটফর্ম ‘ক্যাপিটাল ড্রামা’, যেখানে মানসম্পন্ন গল্প এবং নির্মাণকে প্রাধান্য দেওয়া হবে।

ঈদের সন্ধ্যায় যখন শহরের কোলাহল স্তব্ধ হয়ে আসে, তখন ‘প্রিয় প্রজাপতি’ হতে পারে আপনার পর্দার ওপাশের ছোট্ট আনন্দ ভ্রমণ। ভালোবাসা, হাসি আর হালকা উদাসীনতার মোড়কে জড়ানো এই নাটক যেন মনে করিয়ে দেয়—আমাদের জীবনের প্রতিটি মুগ্ধতার পেছনেই লুকিয়ে থাকে এক অনামা প্রজাপতি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো