Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেক্ষাগৃহে জটিলতা, ইউটিউবেই মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। তাকে ঘিরেই নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। নির্মাতা সৈয়দ আর ইমনের পরিচালনায় এই সিনেমাটি বড় পরিসরে দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখছে না। হল মালিক ও পরিবেশকদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় হতাশ হয়ে নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটি সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়ার। মূলত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে পর্যাপ্ত হল না পাওয়ায় স্পনসরদের চাপে এমন বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সামাজিক ও পারিবারিক আবহে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে আধুনিক জীবনের জটিলতা আর মানুষের একাকিত্বের লড়াইকে কেন্দ্র করে। এর পুরো শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন মনোরম লোকেশনে। তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাড়কাঁপানো শীতে শাড়ি পরে টানা আট ঘণ্টা শুটিং করেছেন মৌসুমী। বিদেশের বৈরী আবহাওয়ায় নায়িকার এমন পেশাদারিত্ব ও একাগ্রতা দেখে মুগ্ধ পুরো ইউনিট। প্রথমে একটি টেলিফিল্ম হিসেবে কাজ শুরু হলেও পরবর্তীতে প্রিমিয়ার শো-এর পর দর্শকদের আগ্রহ দেখে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।

বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে আসন্ন ঈদের আগেই ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ একঝাঁক প্রবাসী অভিনয়শিল্পী। তরিকুল ইসলাম মিঠুর প্রযোজনায় এই সিনেমাটি এখন দর্শকদের হাতের মুঠোয় পৌঁছানোর অপেক্ষায়। প্রেক্ষাগৃহের বড় পর্দায় মৌসুমীকে দেখার আক্ষেপ থাকলেও, ইউটিউবে তার এই নতুন কাজ ভক্তদের মাঝে নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

আরো

সম্পর্কিত খবর