সারাদেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ। আর মাত্র একদিন পরই নির্ধারিত হবে আগামীর নেতৃত্ব। সাধারণ ভোটারদের মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও বিরাজ করছে নির্বাচনি উত্তেজনা। তবে কাজের চাপ ও ব্যক্তিগত কারণে অনেক তারকাকেই এবার ভোটকেন্দ্রে দেখা যাবে না, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন নাগরিক অধিকার প্রয়োগের।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান রাজধানীর গুলশানের বাসিন্দা হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। গত নির্বাচনগুলোতে তাকে ভোটকেন্দ্রে দেখা গেলেও এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ভারতে থাকায় তিনি ভোট দিতে পারছেন না। একই আসনের ভোটার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তার ভোট দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। এদিকে ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় তিনিও এবার ব্যালটে নিজের রায় দিতে পারছেন না।
তবে দেশের ভেতরে থাকা তারকাদের মধ্যে ভোটের প্রস্তুতি বেশ তুঙ্গে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজনেই ঢাকা-১১ আসনের ভোটার হিসেবে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, অভিনেতা সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার হিসেবে নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন। খল অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমা দুজনেই ঢাকা-১৮ আসনের ভোটার। ছোটপর্দা ও চলচ্চিত্রের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী শবনম ফারিয়া ঢাকা-৮ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনে ভোট দিতে পারেন বলে জানা গেছে। তারকাদের এই ব্যালটযাত্রা ও নির্বাচনি অংশগ্রহণ ভক্তদের মাঝে বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে।