আর মাত্র কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের রায়ের ভিত্তিতে গঠিত হবে নতুন সরকার। রাজনৈতিক অঙ্গনের বাইরে সংস্কৃতি ও বিনোদন জগতের তারকারাও আগামীর সরকারকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। সেই তালিকায় আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।
নতুন সরকারের কাছে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে চান অপু বিশ্বাস। তিনি বলেন, নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। পাশাপাশি দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখতে চাই । সিনেমার মানুষ হিসেবে চাই শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
গণমাধ্যমকে তিনি আরও জানান, যে সরকারই দায়িত্বে আসুক, তাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে আমার প্রত্যাশা – সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
অন্যদিকে শবনম বুবলী বলেন, এখনো জানা যায়নি কারা সরকার গঠন করবেন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে চাওয়া – দেশে যেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান মর্যাদা নিয়ে চলতে পারবে – এমন একটি পরিবেশ চাই । একই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বুবলী একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি।
পেশাগত দিক থেকেও এই দুই তারকা দুজনই ব্যস্ত সময় পার করছেন। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। অন্যদিকে অপু বিশ্বাসের হাতে রয়েছে দুটি চলচ্চিত্র ‘দুর্বার’ ও ‘সিক্রেট’। ছবি দুটির পরিচালক যথাক্রমে কামরুল হাসান ফুয়াদ ও বন্ধন বিশ্বাস।
রাজনীতির উত্তাপের মধ্যেও চলচ্চিত্রের এই দুই তারকার কণ্ঠে শোনা গেল নাগরিক সচেতনতা ও শিল্পের অগ্রগতির প্রত্যাশা। এখন দেখার পালা নতুন সরকার সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।