Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে না জানিয়েই বাদ দেওয়া হয় জরায়ু! উদিত নারায়ণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০

একাধিক বার নানা বিতর্কে জড়িয়ে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। কখনও চুমু কাণ্ডে, কখনও প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। এবার গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।

জানা গেছে উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা সম্প্রতি জানিয়েছেন, উদিত তাকে না বলেই তার জরায়ু বাদ দিয়ে দেন। আর এই মর্মে ভারতের বিহারের সুপলের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন রঞ্জনা। সেই অভিযোগে রঞ্জনা জানিয়েছেন যে, উদিত প্রায় তিন দশক আগে তার অনুমতি ছাড়াই তার জরায়ু বাদ দিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযোগে রঞ্জনা জানিয়েছেন ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর উদিত নারায়ণের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে করে স্ত্রীকে সেখানে ফেলে রেখে মুম্বাই চলে যান উদিত নিজের কেরিয়ার গড়তে। পরবর্তীতে রঞ্জনা খবরের কাগজ থেকেই জানতে পারেন মুম্বাইয়ে আবার দীপা নারায়ণ নামক এক মহিলাকে বিয়ে করেছেন উদিত নারায়ণ, তাও আবার তাকে ডিভোর্স না দিয়েই। তিনি যখন এই বিষয়ে উদিতকে জিজ্ঞেস করেন তখন লাগাতার তাকে ভুল বোঝানো হয়। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়।

বিজ্ঞাপন

রঞ্জনা তর অভিযোগে আরও জানান, ১৯৯৬ সালে তার সঙ্গে একটি অনভিপ্রেত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে। তার কথা অনুযায়ী, উদিত এবং তার দুই ভাই সঞ্জয় কুমার ঝা এবং ললিত নারায়ণ ঝা দিল্লির একটি হাসপাতালে তাকে নিয়ে যান। সঙ্গে দীপাও ছিলেন। রঞ্জনার অভিযোগ সেই সময় অস্ত্রোপচার করে তার জরায়ু বাদ দিয়ে দেওয়া হয়, তাও তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়েই। রঞ্জনা গোটা বিষয়টা বেশ কয়েক বছর পর অন্য এক অসুস্থতার সময় চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন।

রঞ্জনা তার অভিযোগে এও জানিয়েছেন ২০০৬ সালে যখন তিনি মুম্বাই এসেছিলেন তার সঙ্গে দুর্ব্যবহার করেন উদিত নারায়ণ এবং তার দ্বিতীয় স্ত্রী দীপা। তিনি জানিয়েছেন এর আগেও একাধিকবার অভিযোগ জানিয়েছেন আদালতে এবং মহিলা কমিশনে। কিন্তু ন্যায় বিচার পাননি। তাই পুনরায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে অভিযোগ গ্রহণ করেছেন। প্রায় ৩ দশক আগে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছেন তারা। এফআইআর দায়ের করা হবে, তদন্ত এগোনোর পর। তবে এই বিষয়ে এখনও উদিত নারায়ণের তরফে কিছু জানানো হয়নি।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর