Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ফলাফল মেনে নেব, শর্ত হচ্ছে ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু: তারেক রহমান

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
সারসংক্ষেপ
  • ফলাফল মেনে নেব, শর্ত হচ্ছে ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু: তারেক রহমান
  • ফলাফল বুঝে না নিয়ে ঘরে ফিরব না: জামায়াত আমির
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
  • উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আহ্বান তারেক রহমানের
  • পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
বিজ্ঞাপন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮
ফলাফল মেনে নেব, শর্ত হচ্ছে ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন, তবে শর্ত একটাই ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ফলাফল যাই হোক, জনগণের রায় আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করব। কিন্তু শর্ত হচ্ছে নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে।

তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি, ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই হয়েছে। তবে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি। সেগুলো আমরা পরে বিস্তারিতভাবে খতিয়ে দেখব।’

বিজ্ঞাপন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯
ফলাফল বুঝে না নিয়ে ঘরে ফিরব না: জামায়াত আমির

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ভোট উৎসবে অংশ নিয়ে ফলাফল বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি লেখেন, এই ভোট উৎসবে সবাই অংশ নিন। আপনার ভোটাধিকার নিশ্চিত করুন। আর সতর্ক থাকুন, আপনার অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।

১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

‎ইসি সচিব জানান, দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে এই গড় হার পাওয়া গেছে।

‎ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, তাতে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বিশেষ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

‎ইসি সচিব জানান, সকাল সাড় ৭টা থেকে সারাদেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড় ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনার কাজ।

‎সচিব আরও যোগ করেন, নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য ও পরিস্থিতি গণমাধ্যমকে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগ বা সংঘাতের খবর পাওয়া যায়নি এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

‎সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

‎এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

‎দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আহ্বান তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের উচিত নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেওয়া এবং রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করা।

তিনি ভোটারদের উদ্দেশ্যে লেখেন, যাকে উপযুক্ত মনে করেন তাকেই ভোট দিন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করুন।

তারেক রহমান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন,এ প্রত্যাশা সবার।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সে দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

পোস্টে তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে, ইনশাল্লাহ। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

এদিকে নির্বাচনের দিন ঘিরে রাজধানীসহ সারা দেশে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০
পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান

ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। এরই মধ্যে রাজধানীর ঢাকা-১৭ আসনে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারসহ ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

কেন্দ্রে প্রবেশের পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। ভোট দেওয়া শেষে তিনি সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯
ভোট কেন্দ্রে তারেক রহমান ও তার পরিবার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা: গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে পরিবারসহ ভোট দিতে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সকাল ৯টা ৪০ মিনিটে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এ ছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১
ভোট দিলেন মির্জা ফখরুল

ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে তিনি বলেন, এই নির্বাচন জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি কোথায় যাবে।বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু আজকে। আশা করছি এই পথ মসৃণ ভাবে এগোবে এবং এদেশের মানুষকে, অর্থনীতি, রাজনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে।

১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬
ভোট দিলেন জামায়াতের আমির

ভোট দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: দলীয় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা-১৫ আসন নির্বাচনী এলাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো এক লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

বিজ্ঞাপন