ঢাকা: সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সঙ্গে ভারতে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির দুর্নীতির বিষয়টিকে সংযুক্ত করে যৌথ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিতর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে এরই মধ্যেই কাজ করছে অনুসন্ধান দল। অন্যদিকে, সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও কমিশনের তদারকিতে রয়েছে। এই দুটি প্রক্রিয়াই একে অপরের সাথে সম্পর্কিত হওয়ায় কমিশন অভিযোগ দুটিকে একত্রিত করে সমন্বিত অনুসন্ধানের আদেশ দিয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, একই সঙ্গে এই স্পর্শকাতর অনুসন্ধানের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।