Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত – ছবি : সংগৃহীত

ঢাকা: অবৈধ অর্থ পাচার ও অন্যান্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ‘পলাতক’ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের এই সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে। এর ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে কমিশনের নিকট আবেদন জানান। কমিশন আবেদনটি পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে দাখিলের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী আত্মগোপনে রয়েছেন। এরপর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার অবস্থান সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে একই বছরের ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করে। এছাড়া সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মাননা ফলকে সাবেক এই প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর