ঢাকা: পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের প্রায় এক কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মেলায় তার সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। অনুসন্ধানে চাঁদাবাজি ও চোরাচালানের মাধ্যমে এসব অবৈধ অর্থ ও সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, প্রলয় কুমার জোয়ারদার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এবং যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক প্রতাপ দেখাতেন। তার বিরুদ্ধে সরাসরি চাঁদা আদায়, চোরাচালানে সম্পৃক্ততা এবং অনিয়মের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করার অভিযোগ অনুসন্ধান করছিল দুদক। সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের অনুসন্ধানে প্রলয় জোয়ারদারের নিজের নামে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সত্যতা মেলে।
তাছাড়াও তার প্রয়াত স্ত্রী মিসেস বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। তবে জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী ২০২৩ সালের ৬ নভেম্বর মৃত্যুবরণ করায় তাকে যাবতীয় ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের সম্পদের হিসাব তলব করল দুদক
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫
সারাবাংলা/এনএল/এসআর