ঢাকা: রাজধানীর পল্টন থানার কালভার্ড রোড এলাকায় রায়হান রনি (৪০) নামে এক আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান রনি জানান, পল্টন থানার কালভার্ড রোড এলাকায় যুবদলের নয়নসহ তার নেতাকর্মীরা আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসে। আমার মাথায় দশটি সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
অ্যাডভোকেট রায়হান রনিকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, বিএনপি লোকজন তাকে আওয়ামী লীগ সন্দেহে পিটিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।