ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ-র ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো বলিউড প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মুক্তির তারিখ ঘোষণা হওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
ফেসবুক স্টোরিতে সিরিজটির নতুন পোস্টার শেয়ার করেন শুভ। সেখান থেকেই জানা যায়, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম Sony LIV-এ স্ট্রিমিং শুরু হবে ‘জ্যাজ সিটি’র।
নতুন পোস্টারে যেন জীবন্ত হয়ে উঠেছে সত্তর দশকের আবহ। সাদা টাক্সিডো ও কালো টাইয়ে এক ধ্রুপদী সংগীতশিল্পীর রূপে দেখা গেছে শুভকে। তার চোখে-মুখে আত্মবিশ্বাস, ভঙ্গিমায় আভিজাত্য। তবে ছবির এক কোণে বন্দুকধারী পুলিশ ও ধ্বংসস্তূপের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে গল্পে থাকবে তীব্র সংঘাত, রহস্য আর অপরাধ জগতের ছায়া।
সিরিজটিতে শুভ অভিনয় করছেন ‘জিমি রায়’ চরিত্রে। একজন প্রতিভাবান সংগীতশিল্পী, যার জীবন জড়িয়ে যায় অন্ধকার জগতের জটিল সমীকরণে। আগে প্রকাশিত টিজারে তার রেট্রো লুক, চুলের স্টাইল ও সময়োপযোগী বাচনভঙ্গি দর্শকদের দৃষ্টি কাড়ে। অনেকেই বলছেন, এই চরিত্রটি শুভর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ভূমিকা হতে পারে।
‘জ্যাজ সিটি’ নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক সৌমিক সেন। শুভর বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সংগীত ও অপরাধ জগতের মেলবন্ধনে নির্মিত এই সিরিজে বলিউড ও টালিউডের আরও কয়েকজন পরিচিত মুখ যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
ঢালিউডে নিজের অবস্থান সুদৃঢ় করার পর এবার বলিউডে পদচারণা।শুভর জন্য এটি নিঃসন্দেহে বড় এক সুযোগ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে তার অভিনয় দক্ষতা নতুন দর্শকগোষ্ঠীর সামনে উন্মোচিত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন দেখার পালা, ১৯ মার্চ মুক্তির পর দর্শকরা কতটা গ্রহণ করেন তার এই বলিউড অভিষেক।