দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টলিউড ও ঢালিউডের তারকাদের রাজনৈতিক মেরুকরণ এখন টক অব দ্য টাউন। এই তালিকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ-১ আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনলেও, নির্বাচনের মাঠে তাকে দেখা গেছে বিএনপির ধানের শীষের প্রচারণায়। রাজনৈতিক আদর্শের এমন নাটকীয় পরিবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি।
সিমলা সোজাসাপ্টা ভাষায় জানান, মনোনয়ন চাওয়া তার ব্যক্তিগত ব্যাপার এবং তিনি যেকোনো দল থেকেই তা চাইতে পারেন। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, মনোনয়ন তিনি জামায়াতে ইসলামী বা স্বতন্ত্র হিসেবেও চাইতে পারতেন, কিন্তু ভোট চেয়েছেন ধানের শীষের জন্য, এটাই যেন সবাই গুরুত্ব দেয়। নিজের আবেগের জায়গা ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী জানান, ১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ম্যাডাম ফুলি’র জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলেন। খালেদা জিয়াকে তিনি মায়ের মতো শ্রদ্ধা করেন এবং নিজেকে তার একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। সেই শ্রদ্ধা থেকেই ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন বলে জানান তিনি।