Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গীবত, সুদ-ঘুষের চেয়েও খারাপ: বুবলী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী বরাবরই ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার নিয়ে খবরের শিরোনামে থাকেন। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং ধর্ম ও নৈতিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বুবলী জানিয়েছেন, চলচ্চিত্রের নায়িকা হলেও নিজের ধর্মীয় বিশ্বাস ও পালনীয় বিষয়গুলোতে তিনি যথেষ্ট সচেতন। রোজা রেখেও নিয়মিত শুটিংয়ের কাজ চালিয়ে যান উল্লেখ করে তিনি বলেন, স্রষ্টার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আর পেশা দুটি আলাদা বিষয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা নীতি কথা শোনান বা নেতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বুবলী। নিজেকে শতভাগ নিখুঁত দাবি না করলেও তিনি মনে করেন, অন্যের ছিদ্রান্বেষণ বা গীবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ। তিনি প্রশ্ন তোলেন, যারা নিজেদের অনেক বেশি ধর্মপ্রাণ দাবি করে অন্যের ভিডিওতে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বা পরনিন্দা করেন, তারা আসলে কতটা সঠিক পথে আছেন? বুবলীর মতে, গীবত বা পরনিন্দা করা ব্যভিচার কিংবা সুদের চেয়েও ভয়াবহ হতে পারে, যা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান হিসেবে গণ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমার নায়িকাদের নিয়ে ঢালাও সমালোচনার প্রতিবাদ জানিয়ে এই অভিনেত্রী বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ বা সমালোচনা করেন, তারাও তো সিনেমা দেখছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন। সুতরাং অন্যকে বিচার করার আগে নিজেদের আচরণের দিকে তাকানো উচিত। বুবলীর এই সাহসী ও সোজাসাপ্টা মন্তব্য নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পেশাদারিত্বের পাশাপাশি নিজের ধর্মীয় পরিচয়কে সাহসের সঙ্গে তুলে ধরার এই ভঙ্গিটি অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর