Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। কয়েকদিনের উৎকণ্ঠা, প্রার্থনা আর অপেক্ষার পর এই খবর স্বস্তি এনে দিয়েছে তার সহকর্মী ও ভক্তদের মনে।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত রোববার তার মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।

অভিনেত্রীর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তানিয়ার এখন কঠোর বিশ্রাম প্রয়োজন। পরিবারের সদস্যরাও চেয়েছেন, সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত কাজ বা শুটিং সংক্রান্ত কোনো যোগাযোগ না করতে।

বিজ্ঞাপন

গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের দোয়া চেয়েছিলেন তানিয়া। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, পরদিন তার অস্ত্রোপচার হবে। সেই পোস্টের পর থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। অনেকে ভার্চুয়াল মাধ্যমে সাহস জুগিয়েছেন, পাঠিয়েছেন শুভকামনা।

ছোট পর্দায় সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তানিয়া বৃষ্টি। হঠাৎ অসুস্থতার খবরে তাই শিল্পী মহলেও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সফল অস্ত্রোপচার ও বাসায় ফেরা, এই দুই সংবাদই এখন আশার আলো দেখাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন। আপাতত বিশ্রাম, নিয়মিত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যেই কাটছে তার সময়। ভক্তদের প্রার্থনা- দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরুন প্রিয় অভিনেত্রী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর