রোজার ঈদকে সামনে রেখে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। তার তৃতীয় সিনেমা ‘দম’-এর আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রেদওয়ান রনি। পোস্টারে চোখে পড়ে আহত কিন্তু অদম্য এক মানুষের মুখ, আর অন্য প্রান্তে গাধার পিঠে বসা এক চরিত্রকে ঘিরে অস্ত্রধারীদের উপস্থিতি; দুটি বিপরীত অথচ রহস্যময় দৃশ্য যেন ইঙ্গিত দিচ্ছে টানটান এক সারভাইভাল কাহিনির।
পোস্টারের ট্যাগলাইনে লেখা ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’, আর সামাজিক মাধ্যমে শেয়ার করা ক্যাপশনে উঠে এসেছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের কথা। নির্মাতারা বলছেন, এটি কেবল লড়াই নয়; সাধারণ এক মানুষের জ্বলে ওঠার গল্প। সেই ‘কমন ম্যান’-এর শক্তিই এখানে মূল অনুপ্রেরণা। দর্শকের আগ্রহ বাড়াতে ইতিমধ্যে পোস্টার ঘিরে আলোচনাও শুরু হয়েছে।
চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। প্রায় এক দশক পর চলচ্চিত্র নির্মাণে ফিরলেন রনি। তার সর্বশেষ সিনেমা ছিল আইসক্রিম, যা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ বিরতির পর ‘দম’ দিয়ে বড় ক্যানভাসে ফেরাটা তাই তার জন্যও গুরুত্বপূর্ণ।
সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানের দুর্গম ও বরফে ঢাকা পাহাড়ি এলাকায়। সীমিত সুযোগ-সুবিধা আর শারীরিক ঝুঁকির মধ্যেই শুটিং করতে হয়েছে শিল্পীদের। শুটিং চলাকালে একদিন পাহাড়ের ধারালো পাথরে হাত কেটে যায় নিশোর। তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ না থাকলেও শুটিং বন্ধ করেননি তিনি; ব্যান্ডেজ বেঁধেই শেষ করেছেন দৃশ্যের কাজ। নির্মাতা ও সহশিল্পীরা বলছেন, এই প্রতিশ্রুতিই সিনেমার নামের সঙ্গে যেন মিলে যায়, দম থাকলে থামা নেই।
নিশোর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি ও ডলি জহুর। তাদের উপস্থিতি সিনেমাটিকে আরও বহুমাত্রিক করে তুলবে বলে আশা করছেন দর্শকরা। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, পোস্টার প্রকাশ কেবল শুরু; সামনে আসবে আরও চমক।