Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা! যা জানালেন অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৬:৫২

বলিউডের পর্দায় হোক বা বাস্তব জীবনে। নীনা গুপ্তা বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন। তবে সম্প্রতি তাকে নিয়ে যে গুঞ্জন রটেছে, তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ৬৬ বছর বয়সে এই বর্ষীয়ান অভিনেত্রী নাকি আবারও মা হতে চলেছেন— এমনই এক খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীনা নিজেই, আর তার স্বভাবজাত রসিকতায় ধুয়ে দিয়েছেন সব জল্পনা।

ঘটনার সূত্রপাত দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডারের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান থেকে। সেখানে নীনা গুপ্তা একটি ভারী শাড়ি পরে হাজির হয়েছিলেন। শাড়ির ভাঁজে তার পেট কিছুটা উঁচু দেখালে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ হিসেবে ধরে নেন। মুহূর্তেই শুরু হয় চর্চা, তবে কি বাস্তব জীবনেও তার জনপ্রিয় সিনেমা ‘বাধাই হো’-এর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?

বিজ্ঞাপন

এই গুজব কানে পৌঁছাতে দেরি হয়নি অভিনেত্রীর। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে হাসিতে ফেটে পড়েন নীনা। তিনি মজা করে বলেন, এবার তবে বাস্তবেও ‘বাধাই হো’ হওয়ার বাকি ছিল! তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে, তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন। শাড়ির কাপড়টি বেশ মোটা হওয়ার কারণেই তাকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল। তবে এই বয়সে এসেও তাকে নিয়ে এমন আলোচনা হওয়াটা বেশ ইতিবাচকভাবেই দেখছেন তিনি। তার মতে, সমাজ যে বদলাচ্ছে এবং বয়সের ফ্রেমে মানুষকে আটকে রাখতে চাইছে না, এটি তারই প্রমাণ।

ব্যক্তিগত জীবনে সাহসী সিদ্ধান্তের জন্য নীনা গুপ্তা সবসময়ই প্রশংসিত। নব্বইয়ের দশকে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সিঙ্গেল মাদার হিসেবে মেয়ে মাসাবা গুপ্তাকে বড় করে তুলেছিলেন তিনি। গত বছরই মাসাবা মা হয়েছেন, অর্থাৎ নানী হয়েছেন নীনা। জীবনের এই পর্যায়ে এসে এমন ‘উদ্ভট’ অথচ মজার এক গুজবে বিরক্ত হওয়ার বদলে বেশ উপভোগই করছেন বলিউডের এই পাওয়ার হাউস পারফর্মার।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর