পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর রাজাব বাটের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি নিজের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে স্ত্রী ইমান আসাদের দেওয়া বক্তব্যের জবাব দিয়ে নতুন করে মন্তব্য করেছেন তিনি। কিছুদিন ধরেই রাজাব বাট ও তার স্ত্রী ইমান আসাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। দুই দিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজাব বাট আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি তার স্ত্রীকে আইনি বিচ্ছেদের নোটিশও পাঠান। ওই নোটিশের বিষয়টি ইমান আসাদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। একই সঙ্গে তিনি জানান, বিচ্ছেদের কারণে তিনি এবং তাদের ছেলে কিভান মানসিক কষ্টের মধ্যে রয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান রাজাব বাট। তিনি বলেন, তাদের দাম্পত্য সমস্যাকে সামাজিক মাধ্যমে নিয়ে আসা তার ভুল ছিল। বিষয়টি প্রকাশ্যে আলোচনা না করে আইনি পথেই সমাধান করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
রাজাব বাট আরও বলেন, কোনো সম্পর্ক ঠিকভাবে না চললে তা সম্মানের সঙ্গে শেষ করার সুযোগ ধর্মও দিয়েছে। তিনি জানান, তিনি ইতোমধ্যে শরিয়াহ অনুযায়ী বিচ্ছেদের প্রথম নোটিশ পাঠিয়েছেন এবং পরবর্তী ধাপগুলোও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে।
স্ত্রীর সামাজিক মাধ্যমের পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি ব্যক্তিগতভাবে আলোচনা করা যেত। তবে সামাজিক মাধ্যমে প্রকাশ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তার দাবি। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে নিজের ব্যক্তিগত জীবন বা বিচ্ছেদ নিয়ে আর কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে করবেন না।
এদিকে পুরো বিষয়টি নিয়ে রাজাব বাটের ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাদের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুজনকে আলোচনার মাধ্যমে সম্পর্কের সমাধান করার আহ্বান জানিয়েছেন।