Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি সিঙ্গেল নই, এনগেজড: পূজা চেরি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ১৮:৪৪

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। পর্দায় যার হাসি আর উপস্থিতি সবসময়ই দর্শকের মন কাড়ে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তিনি ছিলেন বেশ রহস্যময়। দীর্ঘদিনের সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই জানালেন নতুন খবর তিনি আর সিঙ্গেল নন, বরং ইতোমধ্যেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে ‘এনগেজড’।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে জানান এই অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।’

বিজ্ঞাপন

নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে পূজা চেরি জানান, তার সঙ্গী মিডিয়ার কেউ নন। তিনি বলেন, ‘তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।’

সংসার জীবনকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।’

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং বিষয়টি সবার সামনে জানাবেন। হবু জীবনসঙ্গীর সমর্থনের কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে, আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।’

এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র দম। সিনেমাটিতে প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন আফরান নিশো–এর বিপরীতে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড অভিনেত্রী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর