এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেতা। অসুস্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তার উপস্থিতি অনেকটা কমে গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘ সময় একটি বেসরকারি রেডিও স্টেশনে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শামস সুমনের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন আসে ২০০৯ সালে। প্রখ্যাত পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোট পর্দার অসংখ্য জনপ্রিয় নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়, যেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন।
তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুণী এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।