শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে লাখো মানুষের অনুপ্রেরণা হওয়া জনপ্রিয় কলম্বিয়ান কনটেন্ট ক্রিয়েটর ডেভিড আলেজান্দ্রো পেলায়েজ মারিন মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘আলেহো লিটল’ নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। গত ১৩ মার্চ ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়।
মার্কিন সাময়িকী পিপল-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মারিনের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কার্লোস ফেরিয়া ইনস্টাগ্রামে এক শোকবার্তায় লেখেন, ‘আজ সকালে একটি দুঃসংবাদ পেলাম, আমার বন্ধু মারিন আর আমাদের মাঝে নেই।’ তবে মারিনের পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
অদম্য এক জীবনের গল্প
মাত্র ৯০ সেন্টিমিটার (প্রায় ৩ ফুট) উচ্চতার মারিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনসংগ্রাম ও শারীরিক সীমাবদ্ধতাকে ইতিবাচকভাবে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পান। তার প্রোফাইলে লেখা একটি উক্তি ভক্তদের মনে দাগ কেটে যেত: ‘আমি মাত্র ৯০ সেন্টিমিটার লম্বা, আর আমার কাছে কোনো কিছুই অসম্ভব বড় নয়।’
বর্তমানে ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ৪২ লাখেরও বেশি। মারিন ‘স্কেলিটাল ডিসপ্লেসিয়া’ নামক একটি বিরল জিনগত রোগে আক্রান্ত ছিলেন। এই রোগটি হাড়, অস্থিসন্ধি ও তরুণাস্থির স্বাভাবিক গঠনকে বাধাগ্রস্ত করে শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে।
শেষ দিনগুলোর সংগ্রাম
মৃত্যুর কিছুদিন আগে থেকেই মারিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ২ মার্চ টিকটকে পোস্ট করা তার শেষ ভিডিওতে তাকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, জীবনের কঠিন সময় পার করে আবারও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি নিজের ৩৩তম জন্মদিনে তিনি সুস্থ হয়ে ওঠার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তার এই অকাল প্রয়াণে বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।